গাজীপুর এর শিক্ষা, গবেষণা এবং সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ জয়নাল আবেদীনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার ) ১৮ আগস্ট অনুষ্ঠিত এ বৈঠকে ডুয়েটের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় শিক্ষা,গবেষণা,ভূমি সম্প্রসারণ,বাজেট ও প্রশাসনিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের চলমান সার্বিক পরিস্থিতি যেমন শৃঙ্খলাপূর্ণ একাডেমিক পরিবেশ,এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উন্নত গবেষণা সুবিধা,উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা এবং দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে অবদানসহ সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা মহোদয় বিশ্ববিদ্যালয়ের এসব সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ডুয়েটের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উপাচার্য আগামী ( ১ সেপ্টেম্বর ) ডুয়েটের বর্ষপূতি উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য ‘ডুয়েট ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে তিনি তা সদয়ভাবে গ্রহণ করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম আরও গতিশীল করার জন্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন এবং শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার উৎকর্ষতায় প্রাণপ্রিয় ডুয়েটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।