বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক পরামর্শ সভা “Consultative Meeting on Blended Learning in TVET”এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন।গত ৬ থেকে ৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সভাটি যৌথভাবে আয়োজন করে Commonwealth Educational Media Centre for Asia (CEMCA), Commonwealth of Learning (COL) এবং National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Chennai)।
পরামর্শ সভায় “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (Technical and Vocational Education and Training – TVET)” ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতির বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, এবং জাতীয় টেকনিক্যাল ও ভোকেশনাল যোগ্যতা কাঠামো (NTVQF/BNQF) শক্তিশালীকরণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সময়োপযোগী মতামত প্রদান করেন এবং এ ক্ষেত্রে বাউবির অভিজ্ঞতা ও সফলতা তুলে ধরেন।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাউবির উন্মুক্ত ও দূরশিক্ষণ কার্যক্রমের সাফল্য এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্ভাবনা ও প্রয়োগ বিষয়ক বিস্তারিত উপস্থাপন করেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।অত্যন্ত সফলতার সঙ্গে সভায় অংশগ্রহণ শেষে বাংলাদেশের প্রতিনিধিদল গতকাল (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিমানযোগে চেন্নাই থেকে দেশে প্রত্যাবর্তন করেন।