জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রাণবন্ত আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে ছিল উৎসবের আমেজ। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় দিনব্যাপী আয়োজনটি সম্পন্ন হয়।সকালে ঠিক ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি পুরো ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
র্যালি শেষে সকাল ১১টা ৩৫ মিনিটে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শুরু হয় এক ঘণ্টাব্যাপী ওয়েবিনার। এতে দেশের ১৬টি সরকারি ও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হয়ে হিসাবরক্ষণ শিক্ষা ও গবেষণার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
দিবসটিকে ঘিরে ক্যাম্পাসজুড়ে আয়োজন করা হয় নানান ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিনশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
ইতিহাস বলে, আধুনিক হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি ১৪৯৪ সালের ১০ নভেম্বর ভেনিসে প্রকাশ করেন তাঁর বিখ্যাত গ্রন্থ *সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি এ প্রপরশনালিটা*। সেই দিনটিকে স্মরণ করেই বিশ্বের নানা দেশে ১০ নভেম্বর উদ্যাপিত হয় আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস।