ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ডাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন পরিচালনাকারী প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরবর্তীতে স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন তাহমিদ।
তিনি জানান, বাগছাসের পক্ষ থেকে একটি প্যানেল ঘোষণা করা হলেও কেউ চাইলে প্যানেলের বাইরে থেকেও স্বতন্ত্রভাবে জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। সেই আত্মবিশ্বাস থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।