পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা সারাদেশব্যাপী ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেছে। আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট টানা তিন দিন এ কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা আগামীকাল রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি উপেক্ষিত হয়ে আসছে। পাশাপাশি ডিপ্লোমা সিন্ডিকেটের ধারাবাহিক ষড়যন্ত্রের কারণে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে তারা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এক মো. জান্নাতুল নাইম জীম বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি বারবার উপেক্ষিত হয়েছে। ভবিষ্যৎ ও পেশাগত সম্মানের প্রশ্নে কোনো আপস নয়। এজন্যই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমরা চাই, রাষ্ট্রীয়ভাবে প্রকৌশলীদের মর্যাদা নিশ্চিত করা হোক এবং বৈষম্য বন্ধ হোক। আগামীকাল রাজশাহীতে আমরা সবাই বিভাগীয় সমাবেশে যোগ দেবো। সেখানে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হবেন। এই সমাবেশ থেকেই আন্দোলন নতুন গতি পাবে।’
শিক্ষার্থীদের প্রত্যাশা, সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অংশগ্রহণ থাকবে। এতে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে এবং জাতীয় পর্যায়ে শক্তিশালী চাপ সৃষ্টি করবে। তাদের মতে, এই সমাবেশ দাবি আদায়ের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
এদিকে কর্মসূচির কারণে প্রকৌশল অনুষদের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আগামী তিন দিনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।