বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শূন্য থাকা আসনগুলো পূরণের লক্ষ্যে নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জিএসটি গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেরোবির বিভিন্ন বিভাগে মোট ২৯টি শূন্য আসন রয়েছে। এসব আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে ইউনিটভিত্তিকভাবে। এর মধ্যে,
- ‘এ’ ইউনিট : প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস
- ‘বি’ ইউনিট : কবি হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় কলা অনুষদের ডিন অফিস
- ‘সি’ ইউনিট : প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস
সাক্ষাৎকার শেষে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের ফলাফল ২৭ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তীতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে আর ভর্তির সুযোগ পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই সঙ্গে আনতে হবে
- ভর্তি পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ডের মূল কপি
- এসএসসি ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি
- এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র
- জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন সনদ)
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি