সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর দাবিতে অনশন কর্মসূচি

ঢাকা কলেজ প্রতিনিধি
দ্বিতীয় দিনের মতো চলছে অনশন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
দ্বিতীয় দিনের মতো চলছে অনশন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দ্বিতীয় দিনের মতো চলছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করার দাবিতে এ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে তারা অনশন কর্মসূচি শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রায় ২৫ ঘন্টা পেরিয়ে গেল এখনো তাদের সাথে প্রশাসন যোগাযোগ করেনি। 

অনশনে ইতোমধ্যে ২ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত অনশনস্থলে ঢাকা কলেজের শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র অধিকার পরিষদের নেতারা উপস্থিত হয়ে এ আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করেছেন।

অনশন অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, গতকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ক্লাস শুরু করতে পারিনি প্রশাসন। সেই দাবিতে আমরা অনশন অনুসূচি পালন করছি। টানা ২৫ ঘন্টা পার হলেও অন্তর্বর্তী প্রশাসক আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা কোন অবস্থায় আছি? কীভাবে আছি? কোনো খোঁজ খবর নেন নি। 

এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কমিটি খেকে পদত্যাগ করেছেন সাত কলেজের শিক্ষকেরা। এর পরিপ্রেক্ষিতে ক্লাস শুরু ও ভর্তি কার্যক্রম শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন নতুন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া প্রায় ১১ হাজার শিক্ষার্থী।

সম্পর্কিত