বেরোবিতে প্রথমবার ব্রাকসু নির্বাচন কমিশন গঠন

বেরোবি প্রতিনিধি
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিক রূপ পেয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন—

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। কমিশন গঠন করা হয়েছে এবং ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।”

তিনি আরও জানান, এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনে ছাত্র সংসদ বিধিমালা কার্যকর হয়, যার পরই এ উদ্যোগ নেওয়া হয়।

/এমএস

সম্পর্কিত