চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বাম সংগঠনগুলো। তবে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকালে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির চবি শাখার সদস্য সচিব আল মাশনূন।
তিনি জানান, 'আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন।'
তিনি আরও বলেন, 'কেন প্যানেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পরবর্তীতে জানানো হবে।'
প্রসঙ্গ, ১৬ সেপ্টেম্বর মনোনয়নপ্রত্র সংগ্রহের শেষ সময় ছিল। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন ডোপটেস্টের সনদও জমা দিতে হবে। যাচাই–বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।