ডাকসুর প্রথম সভায় সভাপতিত্বে উপাচার্য

ঢাবি প্রতিনিধি।
ডাকসুর নতুন নেতৃত্বের প্রথম সভায় উপস্থিত উপাচার্য ও নির্বাচিত প্রতিনিধিরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ডাকসুর নতুন নেতৃত্বের প্রথম সভায় উপস্থিত উপাচার্য ও নির্বাচিত প্রতিনিধিরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নতুন কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ের লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ ও পরিচিতি পর্ব সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডাকসুর কার্যক্রম সুষ্ঠুভাবে চালু করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মার্চে। নির্বাচিতরা দায়িত্ব নিয়েছিলেন সেই বছরের ২৩ মার্চ। দীর্ঘ ছয় বছর পর নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আবারও ডাকসুর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সম্পর্কিত