ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল (২ নভেম্বর) অফিস কক্ষে অবস্থানকালে নিজের ছবি বিকৃত করে পোস্ট দেখতে পান শেহরীন আমিন। আজ সোমবার (০৩ নভেম্বর) তিনি সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে সার্বিক সহায়তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া।
মামলায় সাংবাদিক মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও আশফাক হোসাইন ইভানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজহারে অভিযোগ করে বলা হয়, তারা বিভিন্ন ফেসবুক আইডিতে শেহরীনের ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তিনি বলেন, “যারা পোস্ট করেছেন, মন্তব্য করেছেন, শেয়ার করেছেন কিংবা ভবিষ্যতে এমন কাজ করবেন—সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ডিবির সাইবার ইউনিট আশ্বাস দিয়েছেন পরবর্তীতে কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী ছবি বা ভিডিও বিকৃত করাসহ যেকোনো সাইবার বুলিং এর স্বীকার হলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিবে।
মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।