ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। ভর্তি আবেদন শুরুর মাত্র নয় দিনে জমা পড়েছে ১ লাখ ৫৭ হাজারেরও বেশি আবেদন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত মোট আবেদন সংখ্যা ১,৫৭,০২৪টি।
এই বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ৬,১২৫টি আসন রয়েছে। অর্থাৎ আসনপ্রতি গড়ে প্রায় ২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদন করেছিল প্রায় ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী।
সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে, যেখানে ১,৮৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৮ হাজারেরও বেশি। সেখানে আসনপ্রতি আবেদন দাঁড়িয়েছে প্রায় ৩৭টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২,৯৩৪টি আসনের জন্য এসেছে ৫৯ হাজারের বেশি আবেদন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ২০ জনেরও বেশি।
ব্যবসায় শিক্ষা ইউনিটেও শিক্ষার্থীদের আগ্রহ লক্ষণীয়। এক হাজার ৪০টি আসনের জন্য আবেদন পড়েছে প্রায় ২০ হাজার ৪৯০টি, যা আসনপ্রতি গড়ে ১৯টি আবেদন। চারুকলা অনুষদের ১৩০টি আসনের জন্য আবেদন জমা পড়েছে তিন হাজারের বেশি, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৩ জন। অন্যদিকে, আইবিএ ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ১২০টি আসনের জন্য আবেদন এসেছে ৫ হাজার ৯২৫টি, যা আসনপ্রতি প্রায় ৫০ জন প্রতিযোগীকে নির্দেশ করে।
ঢাবি অনলাইন ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানান, “ভর্তি আবেদন ধীরে ধীরে আরও বাড়ছে। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করলে আবেদন সংখ্যা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।”
উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ অক্টোবর দুপুর থেকে এবং তা চলবে নির্ধারিত সময়সীমা পর্যন্ত। ভর্তি পরীক্ষা কমিটির কর্মকর্তারা মনে করছেন, এবারও আবেদন সংখ্যা আগের বছরের কাছাকাছি বা কিছুটা বেশি হতে পারে।
/এমএস