ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে ৩ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এক বিশেষ শিল্প প্রদর্শনী। এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫০তম ব্যাচ (১৯৯৭-৯৮ সেশন)। প্রদর্শনীটি জয়নুল গ্যালারি-১-এ অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ৭ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী অধ্যাপক ফরিদা জামান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও কবি জাহিদ মুস্তাফা। বিকেল ৫টায় অধ্যাপক ফরিদা জামান আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
‘এ গ্রুপ আর্ট এক্সিবিশন’ শিরোনামের এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন ২৩ জন শিল্পী। তাদের হাতে তৈরি ৪৬টি শিল্পকর্মে প্রতিফলিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, মানবিক আবেদনের প্রকাশ এবং সমাজ-সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রদর্শনীতে মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে সামাজিক ও মানবিক বিষয়ক বিভিন্ন শিল্পকর্ম দর্শককে আকর্ষণ করছে।
উল্লেখযোগ্য কিছু শিল্পকর্মের মধ্যে রয়েছে ব্লাড অ্যান্ড ব্লসমস (১,২), হুইস্পার অফ টাইড, হুইস্পার অফ সাইলেন্স, মায়া, বাংলার বধু, প্রকৃতি, বৃক্ষ কথন, দুর্গার বিয়ে, দ্য লাস্ট রিডার অব পোয়েট্রি, দ্য গার্ডেনার, অপেক্ষা, সৃষ্টির ছন্দ এবং রেডিয়েন্স ইন দ্য ডার্ক। প্রতিটি কাজই শিল্পীজনের চিন্তাভাবনা এবং সৃজনশীলতার দারুন প্রমাণ।
প্রদর্শনীটি শিল্পপ্রেমী দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন। এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং সাধারণ দর্শক ও শিল্পসৃষ্টিতে আগ্রহী ব্যক্তিদের জন্যও সমানভাবে আকর্ষণীয়। আয়োজনটি শিল্প ও সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করবে এবং নতুন প্রতিভার আবির্ভাবের সুযোগ তৈরি করবে।