জাবিতে র‍্যাগিং নিষিদ্ধ, ধরা পড়লেই কঠোর শাস্তি

জাবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কঠোরভাবে র‍্যাগিং নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮–এর ধারা ৫(ঙ) অনুযায়ী ক্যাম্পাস, হল ও বিভাগের ভেতরে কোনো ধরনের টিজ, ভয় দেখানো বা র‍্যাগিংয়ের মতো কর্মকাণ্ড সম্পূর্ণভাবে অপরাধ হিসেবে গণ্য হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানায়, শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‍্যাগিং বা এ ধরনের আচরণ ধরা পড়লে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ধরন ও মাত্রার ওপর নির্ভর করে শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সতর্কীকরণ, সাময়িক বহিষ্কার কিংবা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার পর্যন্ত হতে পারে।

প্রক্টর অফিস থেকে জানানো হয়, শিক্ষার্থীদের যেকোনো ধরনের র‍্যাগিং বা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত প্রক্টরিয়াল টিমকে অবহিত করতে বলা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরেই র‍্যাগিং নতুন শিক্ষার্থীদের জন্য ভয় ও মানসিক চাপের কারণ হয়ে আসছিল। অনেক সময় এটি শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষার্থীদের ভীতসন্ত্রস্ত করে তোলে, যা সুস্থ পরিবেশে পড়াশোনার জন্য বড় অন্তরায়। এবার প্রশাসনের এ উদ্যোগ র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

অন্যদিকে, শিক্ষার্থীদের বড় অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন হলে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের জন্য ভয়ের পরিবর্তে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, শুধু নিয়ম জারি নয়; বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি বাড়াতে হবে। তবেই র‍্যাগিংয়ের মতো নেতিবাচক প্রবণতা সম্পূর্ণভাবে নির্মূল হবে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক শিক্ষাঙ্গন নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পর্কিত