জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনুষ্ঠানিকভাবে মাস্টারপ্ল্যান অফিসের উদ্বোধন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে অফিসের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মাস্টারপ্ল্যান প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় একটি আংশিক মাস্টারপ্ল্যান ছিল, তবে তা বর্তমান সময়ের চাহিদা পূরণে যথেষ্ট নয়।
উপাচার্য আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেয়। ইতোমধ্যে দরপত্র আহ্বান সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পরিকল্পনাটি প্রস্তুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই মাস্টারপ্ল্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ ও একাডেমিক কার্যক্রমের বিস্তার আরও সুসংগঠিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (মাস্টারপ্ল্যান) সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ আখতার মাহমুদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.বি.এম. আজিজুর রহমান, হিসাবাধ্যক্ষ মো. মোসানুল কবির এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. নাসির উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, এই অফিসের মাধ্যমে জাহাঙ্গীরনগরের সমন্বিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গতি আসবে, যা পরিবেশবান্ধব ও আধুনিক ক্যাম্পাস গঠনে সহায়ক হবে।
/এমএস