জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শাশ্বত গোলদার অন্তু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ট্রাম্পপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহত অন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ (MMC) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাশ্বত গোলদার অন্তু ও আরও এক শিক্ষার্থী ত্রিশাল বাজার থেকে রিকশায় ক্যাম্পাসের ২নং গেটের দিকে ফিরছিলেন। ট্রাম্পপুল এলাকায় পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশা পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা রিকশা থেকে ছিটকে পড়ে যান। এ সময় সিএনজিচালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্তুর হাতের উপর গাড়িটি উঠিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিউলিমালা হলের সামনে নয়টি সিএনজি আটক করে রাখে এবং দায়ী চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করে।
সহপাঠী নাজমুস সায়াদাত সিফাত বলেন, “অন্তুর অবস্থা ভালো নয়। হাতের হাড় মনেহয় ভেঙে গেছে। আমরা চেয়েছিলাম প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। চালককে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
ঘটনার পর সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে উত্তেজিত শিক্ষার্থীরা সিএনজি সরাতে রাজি না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন। ক্যাম্পাসের ভেতর ও বাইরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।