৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা করতে গিয়ে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এসময় এজিএস (নারী) পদে জয়ী হিসেবে আয়েশা সিদ্দিকা মেঘলার নাম ঘোষণা করা মাত্রই পুরো সিনেট ভবন ‘হিজাব’ স্লোগানে মুখরুদ্ধ হয়ে ওঠে।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত মেঘলা ৩,৪০২ ভোট পেয়ে এজিএস (নারী) পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা , পেয়েছেন ১,৮৩৬ ভোট। ছাত্রদলের প্রার্থী আঞ্জুমান আরা ইক্রা পেয়েছেন ৭৬৪ ভোট।
নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। তারা সাধারণ সম্পাদক (জিএস) এবং দুই যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা দুটি পদে জয় পেয়েছেন। এছাড়া আরও দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গত ১১ সেপ্টেম্বর। ৪৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় প্রকাশিত হলো নির্বাচনের ফলাফল।