জাপানের মর্যাদাপূর্ণ এনইএফ বৃত্তি পেল বাকৃবির ২০ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি।
উপাচার্যের কাছ থেকে এনইএফ বৃত্তির অর্থ গ্রহণ করছেন বাকৃবির শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
উপাচার্যের কাছ থেকে এনইএফ বৃত্তির অর্থ গ্রহণ করছেন বাকৃবির শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এই বৃত্তি পেয়েছেন ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রত্যেক শিক্ষার্থীকে প্রায় ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের ৮ জন, ভেটেরিনারি অনুষদের ৪ জন, পশুপালন অনুষদের ৪ জন এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল এবং একাডেমিক পারফরম্যান্স বিবেচনায় বৃত্তি দিয়েছে। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়।” তিনি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, “এই বৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিও বহন করে।”

তিনি বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “তোমরা যেন আরও ভালো ফলাফল করে দেশের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করো। তোমাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করুক, যাতে আগামী দিনে আরও অনেকেই এমন সম্মানজনক বৃত্তি অর্জন করতে পারে।”

উল্লেখ্য, জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে। এনইএফ নিয়মিতভাবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বৃত্তির আওতায় রয়েছে।

/এমএস

সম্পর্কিত