কুয়েট সংলগ্ন বিএনপি কার্যালয়ে গুলি-বোমা হামলা, শিক্ষক নিহত

কুয়েট প্রতিনিধি
আহত বেশ কয়েকজন ও ডানে নিহত মাদরাসা শিক্ষক ইমদাদুল হক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
আহত বেশ কয়েকজন ও ডানে নিহত মাদরাসা শিক্ষক ইমদাদুল হক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন পকেট গেইট এলাকায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। 

রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত মাদরাসা শিক্ষকের নাম এমদাদুল হক (৪২)। তিনি কুয়েট সংলগ্ন যোগিপোল ইউনিয়ন পরিষদের সদস্য মামুনের শ্যালক এবং পেশায় স্থানীয় এক মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে কুয়েটের পকেট গেইট এলাকার বিএনপি অফিসে হামলা চালায়। এসময় তারা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই এমদাদুল হক নিহত হন এবং বিস্ফোরণে অন্তত চারজন গুরুতর আহত হন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, “সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। এতে এমদাদুল হক নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়, তবে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের মাধ্যমে তাদের শনাক্তের চেষ্টা চলছে।”

হামলার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। কুয়েট শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা (ডিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত