নিষিদ্ধ ছাত্রলীগের ইবি শাখার সাংগঠনিক সম্পাদকসহ আটক ১৩

নিজস্ব প্রতিবেদক
মেজবাহুল ইসলাম ছবি: সংগৃহীত
মেজবাহুল ইসলাম ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজার রেলগেট এলাকায় মিছিলের প্রস্তুতিকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম রয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল মগবাজার রেলগেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন।

মেজবাহুল ইসলাম ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন চলাকালীন তিনি আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ১৪ জুলাই রাতে ‘রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন তিনি। ক্যাম্পাসে নারীদের উত্যক্ত করা, গণরুমের শিক্ষার্থীদের নির্যাতনসহ একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী মগবাজার এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়। এসময় সিটিটিসি ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে বা কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

সম্পর্কিত