নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের কথা থাকলেও এখনো গঠন হয়নি নির্বাচন কমিশন। এতে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে নির্বাচনের দাবিতে গ্রাফিতি অঙ্কন করেছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এসব গ্রাফিতি অঙ্কন করেন তারা। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা লিখছেন ‘শাকসুর রোডম্যাপ দাও’, ‘অবিলম্বে নির্বাচন কমিশন ঘোষণা কর’, ‘শাকসুর তফসিল দাও’, ‘শাকসু আমার অধিকার রুখে দেবে সাধ্য কার’, ‘দ্রুত শাকসু চাই’ এমন নানা দাবি-সংবলিত লেখা।
গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এক বছর কেটে গেলেও এখনো শাকসু নির্বাচন আয়োজন করতে পারেনি। আমরা প্রশাসনের কাছ থেকে শুধু আশ্বাসই পাচ্ছি। চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমরা নতুন আঙ্গিকে ছাত্র রাজনীতির চর্চা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি, নভেম্বরের মধ্যেই শাকসু নির্বাচন আয়োজন করতে হবে, নইলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বিগত সময়ের মতো এবারও আমরা দেয়ালে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছি যেমনটা করেছিলাম সড়ক আন্দোলনে, আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে, চব্বিশের গণঅভ্যুত্থানেও।
পলাশ বখতিয়ার আরও বলেন, প্রশাসন যদি মনে করেন তাদেরকে কেউ বাধা দিচ্ছে শাকসু নির্বাচন নিয়ে তাহলে প্রশাসন সেই ব্যক্তিদের নাম শিক্ষার্থীদের সামনে প্রকাশ করুক।