ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, ক্রীড়া সম্পাদক সহ সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের অফিসে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভায় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, অমর একুশে হল সংসদের ভিপি রবিউল ইসলাম, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক ও শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান।
উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম জাকারিয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ও সহকারী পরিচালকসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় শারীরিক শিক্ষা কেন্দ্রের বিদ্যমান সমস্যাসমূহের দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়। ডাকসুর পক্ষ থেকে অবিলম্বে মাঠ সংস্কার, সিকিউরিটি বৃদ্ধি সহ শিক্ষার্থীদের খেলাধুলা সংক্রান্ত অসুবিধা সমাধানের দাবী জানানো হয়৷ খেলার মাঠে আগত শিক্ষার্থীদের নিরাপদ পানি পানের সুবিধার্থে পানির ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা শেষে ডাকসু নেতৃবৃন্দ কেন্দ্রীয় খেলার মাঠ ও সুইমিংপুল পরিদর্শন করেন।