আজ (২০ নভেম্বর) বৃহস্পতিবার, সকাল ১০টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন নতুন ক্যাম্পাসে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রয়োজনীয় আরও উন্নত ল্যাব ও ক্লাসরুম তৈরির কাজ চলছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বিশ্ববিদ্যালয় শীঘ্রই একটি অবস্থান করে নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভর্তি মেলা আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় বিশ্ববিদ্যালযের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।