ক্লাস শুরুর দাবিতে সেন্ট্রাল শিক্ষার্থীদের অনশন

নিজস্ব প্রতিবেদক।
ঢাকা কলেজের মূল ফটকের সামনে অনশনরত প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ঢাকা কলেজের মূল ফটকের সামনে অনশনরত প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে ক্লাস শুরুর দাবিতে অনশনে বসেছেন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অনশন শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৩০ অক্টোবরের মধ্যেই শেষ করে দ্রুত ক্লাস শুরুর তারিখ ঘোষণা করতে হবে, অন্যথায় তারা অনশন অব্যাহত রাখবেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির হাওলাদার বলেন, “আমাদের ভর্তি কার্যক্রম ৩০ অক্টোবরের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও হঠাৎ নতুন সময়সূচি দিয়ে ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। অথচ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা শুরু হয়ে গেছে। এই দেরির কারণে আমরা আবারও সেশন জটে পড়ছি।”

তিনি আরও জানান, বিষয়টি অন্তর্বর্তী প্রশাসককে জানানো হলেও কোনো স্পষ্ট আশ্বাস পাননি শিক্ষার্থীরা। তাই তারা বাধ্য হয়ে ক্লাস শুরুর দাবিতে অনশন শুরু করেছেন।

একই সেশনের শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, “তিন মাস আগে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বিষয়ভিত্তিক বাছাই ও অনলাইন পেমেন্ট সম্পন্ন করলেও এখনো ক্লাস শুরু হয়নি। এতে আমরা এক ধরনের মানসিক চাপের মধ্যে আছি। অন্যদিকে ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ফলে আমরা নিজেদের অবস্থান নিয়েও বিভ্রান্ত ও উদ্বিগ্ন।”

তিনি আরও বলেন, “আমাদের দাবি একটাই—অবিলম্বে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করা হোক। নইলে আমরা অনশন চালিয়ে যাব।”

অন্যদিকে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “আগামীকাল থেকে ক্লাস শুরু করা সম্ভব নয়। এ বিষয়ে আজ মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও উপদেষ্টা উপস্থিত না থাকায় তা হয়নি। তিনি ফিরলে আমরা বিষয়টি আলোচনায় তুলব।”

শিক্ষার্থীদের দাবি ও প্রশাসনের বিলম্বের কারণে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা আরও বেড়েছে।

/এমএস

সম্পর্কিত