আগামী সপ্তাহেই আসছে ৫০তম বিসিএস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দীর্ঘ প্রতীক্ষার পর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে নন-ক্যাডার পদ যাচাই-বাছাইয়ের কারণে তা কিছুটা বিলম্বিত হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এ বিসিএসের জন্য প্রায় ২ হাজার ৮০০ পদের চাহিদাপত্র পিএসসিতে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৭০০-এর বেশি পদ ক্যাডার শ্রেণির এবং বাকি প্রায় ১ হাজার পদ নন-ক্যাডার শ্রেণির। সূত্র জানায়, নন-ক্যাডার পদসংখ্যা যাচাইয়ের পর সামান্য পরিবর্তন হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৫০তম বিসিএসের জন্য চাহিদা পাঠানো হয়েছে ইতোমধ্যেই। পিএসসি দ্রুত সময়ের মধ্যেই তা যাচাই-বাছাই শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।”

অন্যদিকে পিএসসির এক কর্মকর্তা বলেন, “নন-ক্যাডার পদ যাচাইয়ের কাজ শেষ না হওয়ায় এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা খুবই কম। তবে চেষ্টা চলছে যেন আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়।”

উল্লেখযোগ্যভাবে, বিসিএস পরীক্ষার আবেদন ফি ও বয়সসীমায় সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। এছাড়া বিসিএস পরীক্ষার সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা যায়, সর্বশেষ ৪৭তম সাধারণ বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। সেই পরীক্ষায় মোট শূন্য ক্যাডার পদ ছিল ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ছিল ২০১টি।

নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর দেশের তরুণ প্রজন্ম আবারও সরকারি চাকরির অন্যতম বড় এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নেবে।

/এমএস

সম্পর্কিত