জাতিসংঘ ২০২৫-২৬ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে ও বেতনভুক্ত ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বড় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি শিক্ষার্থী এবং সদ্য স্নাতক প্রার্থীরাও। কিছু ইন্টার্নশিপ সম্পূর্ণ অর্থায়িত, আর কিছু বেতনভুক্ত। সংস্থাগুলোর মধ্যে আলাদা আলাদা ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়, তাই প্রায় সব একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাই যোগ্যতা পূর্ণ করতে পারেন।
জাতিসংঘের অধীন সংস্থাগুলোর মধ্যে রয়েছে – ইউনিসেফ (জাতিসংঘ শিশু তহবিল), ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জাতিসংঘ শরণার্থী সংস্থা (UNHCR), খাদ্য ও কৃষি সংস্থা (FAO), ইউনেসকো, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), জাতিসংঘ প্রকল্প সেবা দপ্তর (UNOPS) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
বিভিন্ন সংস্থার নিজস্ব যোগ্যতা ও শর্তাবলি রয়েছে। অধিকাংশ ইন্টার্নশিপের জন্য আবেদন সারা বছর খোলা থাকে। উদাহরণস্বরূপ, ইউনিসেফ ইন্টার্নশিপে মাসিক স্টাইপেন্ড, ভিসা ও ভ্রমণ খরচের সহায়তা, মেন্টরশিপ সুবিধা এবং গ্লোবাল নেটওয়ার্কে প্রবেশাধিকার পাওয়া যায়। WHO ইন্টার্নশিপে লিভিং অ্যালাউন্স, ফ্রি মেডিকেল ও অ্যাকসিডেন্ট ইনস্যুরেন্স, লাঞ্চ ভাউচার এবং সার্টিফিকেট বা রেফারেন্স লেটার দেওয়া হয়। FAO-এর ইন্টার্নশিপে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) নিয়ে কাজ করার সুযোগ এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
জাতিসংঘ ইন্টার্নশিপ ২০২৫-২৬ শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যতের কর্মজীবনে সফলতার সুযোগ তৈরি করবে।
/এমএস