ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণাকর্মের ভিত্তিতে পদার্থ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে এই পুরস্কার দেওয়া হবে।
গবেষণায় মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে। অপরদিকে, পদার্থ বিজ্ঞানে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন প্রখ্যাত বিজ্ঞানী বা গবেষককে ৫০ হাজার টাকার নগদ সম্মানীসহ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদন জমা দিতে হবে। আবেদনকারীদের ৩ কপি আবেদনপত্র, ৩ প্রস্থ জীবনবৃত্তান্ত, ৩ প্রস্থ গবেষণাকর্ম এবং ৩ কপি ছবি জমা দিতে হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে।
প্রকাশিত গবেষণাকর্মের সময়সীমা জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যৌথ গবেষণার ক্ষেত্রে পুরস্কারের অর্থ সমানভাবে ভাগ হবে, তবে সহযোগী গবেষকদের লিখিত সম্মতি লাগবে।
একই গবেষণাপত্র একাধিক বছরের জন্য জমা দেওয়া যাবে না। আবেদনকারী যদি আগেও পুরস্কারপ্রাপ্ত হন, তবুও নতুন ও মানসম্মত গবেষণা থাকলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে নতুন গবেষক ও উদ্ভাবনী গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে।
কমিটি জানিয়েছে, যদি কোনো নির্দিষ্ট বছরে যোগ্য গবেষণাকর্ম পাওয়া না যায়, তবে পূর্বে পুরস্কারপ্রাপ্ত গবেষকের সাম্প্রতিক গবেষণা পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ পদার্থ বিজ্ঞানে গবেষণা মনোভাব ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষাবিদরা মনে করছেন।
/এমএস