বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এছাড়া আজ শনিবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনকারী শিক্ষকদের রাজপথে কালো পতাকা মিছিলের পালনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) ওই কর্মসূচি ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
আগামীকাল রোববার যমুনা অভিমুখে লং মার্চের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতে আজ (শুক্রবার) সমাবেশ করেছি। আগামী রবিবার লংমার্চের চিন্তা রয়েছে।’
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গত সপ্তাহের রবিবার শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরই প্রতিবাদে এবং দাবি আদায়ে সোমবার থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বিকেল ৪টার দিকে তারা সচিবালয়ের দিকে এগোলে হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশ তাদের আটকে দেয়। বুধবারও একই দাবিতে বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা, বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে সরে যান তারা। আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরছেন না।
তাদের তিন দফা দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ করা।