স্টারলিংকে পাহাড়ে ই-লার্নিংয়ের নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক।
সংগৃহীত। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
সংগৃহীত। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন সম্ভাবনা উন্মোচন হলো। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে ই-লার্নিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ উদ্যোগের ফলে খাগড়াছড়ি জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সংযোগে যুক্ত হবে। শিক্ষার্থীরা দূরবর্তী পাহাড়ি অঞ্চলেও অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট ও ভার্চুয়াল শিক্ষাক্রমে অংশ নিতে পারবে। এতে ভৌগোলিক প্রতিবন্ধকতা কাটিয়ে মূলধারার শিক্ষায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতিশ্রুতি আরও এক ধাপ এগিয়ে গেল। পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সংযোগ সংকট কাটাতে স্টারলিংক সংযোগ যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ উদ্যোগ কেবল ইন্টারনেট সংযোগ নয়, এটি পাহাড়ি শিক্ষার্থীদের জন্য সমান সুযোগের নতুন অধ্যায়।” প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়ন ও তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে সরকার একটি দক্ষ ও আধুনিক প্রজন্ম গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন, জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ বাস্তবায়ন হলে খাগড়াছড়ি সহ পুরো পার্বত্য অঞ্চলে শিক্ষার ডিজিটাল রূপান্তর দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

/এমএস

সম্পর্কিত