হেমন্তের সকালে সিলেটের স্কলার্সহোম কলেজ মেজরটিলা ক্যাম্পাসে শনিবার সকাল সাড়ে নয়টায় ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা’ বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাজেদুল করিম, বিকাশের ইভিপি হুমায়ূন কবির, বিজ্ঞানচিন্তার সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারিহা ফিমা। শিক্ষার্থীদের স্ন্যাকস সরবরাহ করেছে ড্যান ফুডস লিমিটেড।
বিজ্ঞান উৎসবে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের ৫৫২ শিক্ষার্থী নিবন্ধন করেছেন, যার মধ্যে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করছেন। আয়োজনে রয়েছে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, বিজ্ঞানভিত্তিক বক্তৃতা ও ম্যাজিক শো।
আঞ্চলিক পর্বে কুইজ ও প্রজেক্টের সেরা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে—সনদ, মেডেল, বইসহ নানা উপহার। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশ নেবেন, যেখানে থাকবে ল্যাপটপ, ট্যাব ও আরও আকর্ষণীয় পুরস্কার।
বিকাশ ও বিজ্ঞানচিন্তা যৌথভাবে দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করার লক্ষ্য নিয়ে এই বিজ্ঞান উৎসব আয়োজন করছে। ইতিমধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। সিলেট আঞ্চলিক পর্বের পর ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব।