আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি থেকে বিপ্লব হোসেন
অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সোমবার (১৪ জুলাই)  বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে সমবেত হন তারা। 

মিছিলে, 'এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে', 'পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা', 'দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার', 'আমাদের সংগ্রাম চলছেই চলবে', 'দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত', 'জিয়ার সৈনিক, এক হও লড়াই করো' ইত্যাদি স্লোগান দেন তারা।

সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রোকনুজ্জামান, স্বাক্ষর, মেহেদী, তৌহিদ, তৌফিক, আশরাফুল প্রমুখ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিলাম৷ পতিত স্বৈরাচার হাসিনা সরকার দিল্লিতে আছে। আর এদিকে ৭১ সালের মানবতা বিরোধী শক্তি রাজাকার  এবং ৭৫ সালের মানবতা বিরোধী শক্তি স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশপন্থী শক্তি বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী যে শক্তি আছে এই শক্তির প্রধান উপকরণ হচ্ছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে একটি চক্র, একটি পাকিস্তানি গোষ্ঠী মিথ্যা প্রোপাগণ্ডা চালাচ্ছে এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালগালি করছে। যেই নেতা শিশুকালে তার পিতাকে হারিয়েছেন, যিনি দীর্ঘ সতের বছর লন্ডনে নির্বাচিত জীবন যাপন করছেন তাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে। 

তিনি আরো বলেন, 'আমাদের নেত্রী ও দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দুই বছর কারাগারে ছিলেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্যাতিত এবং মজলুম। তাদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত একটি চিহ্নিত গোষ্ঠী। বিএনপি বাংলাদেশ ওউন করে। আমাদের বাংলাদেশের বাইরে কোন ঠিকানা নেই। তাদের ঠিকানা আছে পাকিস্তানে ও দিল্লী। '

সম্পর্কিত